কিউকমসহ ১০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত

১৪ অক্টোবর, ২০২১ ১৮:৪৯  
গ্রাহকদের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম, জেএমআর ডিজিটাল ইন্টারন্যাশনালসহ মোট ১০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই ব্যাংক হিসাবগুলো স্থগিত করেছে। এদিন বিএফআইইউর পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের সব তফসিলি ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধিত-২০১৫) সালের ২৩ (১) (গ) ধারার ক্ষমতা বলে ব্যাংক হিসাবগুলো ৩০ কার্যদিবসের জন্য স্থগিত থাকবে। এ সময় এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির ব্যাংক হিসাব থেকে আর কোনও টাকা উত্তোলন করা যাবে না। হিসাব স্থগিত করা প্রতিষ্ঠানগুলো হলো- এহসান গ্রুপ, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, এহসান এমসিএস লিমিটেড, এহসান মাল্টিপারপাস কো অপারেটিভ, নুরে মদিনা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি, মেসার্স নুর জাহান ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি, মেসার্স আল্লারদান বস্ত্রালয়, মেসার্স পিরোজপুর বস্ত্রালয়, কিউকম লিমিটেড ও জেএমআর ডিজিটাল ইন্টারন্যাশনালের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।